বাতাসিয়া লুপ — অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ছ’টা কুড়ি

ট্রেন ছেড়েছে শিলিগুড়ি।

ডিং ডং

ছাড়িয়ে গেল কার্সিয়ং।

ঝুম ঝুম

এবার বুঝি এল ঘুম।

টিং টিং

ঘুম থেকে যায় দার্জিলিং।

ইয়া ইয়া

এই কি সেই বাতাসিয়া ?

চুপ চুপ

সামনে বাতাসিয়া লুপ।

নমো নমো

বিশ্বমাঝে উচ্চতম।

বেঁকে বেঁকে

ট্রেন চলেছে বৃত্ত এঁকে।

ঘুরে ঘুরে

ট্রেন চলেছে ঘূর্ণি জুড়ে।

ওগো কাকী

ট্রেন কি ঘুমে ফিরল নাকি !

মজা খুব

ট্রেন যে হঠাত্ দিল ডুব।

লাইন তলে

নামতে থাকা লাইন চলে।

ও পারেতে

ট্রেনকে দেখি দৌড়ে যেতে।

টিং টিং

ঐ যে আসে দার্জিলিং।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *