দৃশ্যপটে আত্মলিপি (দশ) — দেবেশ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

আমি একটা সংখ্যা এবং আমি একটা মত

আমি একটা একক এবং ঐক্য যুগপৎ

একটা আমি নেরুদাদের, সমষ্টিতে চে

আমেরিকার হে মার্কেটে পথ খুঁজে যাচ্ছে

 

অন্য আমি কথামৃতে গলা অবধি ডুবে

সূত্র জুড়ে বিচার করি দ্বিবেদি নয়, দুবে।

গভীর রাতে তর্ক জোড়ে ধর্ম নাকি জিরাফ

গোলমরিচ আর আদা খুঁজি রাত্তিরে কফ সিরাপ

 

আর একখানা আমিও আছে জলের পাত্রে জল,

আপিস-গৃহে বরফ জমে স্ফটিক ও নিশ্চল

সেই আমি – জন বাজার করে , কাজের মেয়ে , বিমায়

সকাল থেকে করিৎকর্মা, সন্ধে থেকে ঝিমায়

 

কোন আমিটা আমায় চেনে, জানলাম না আজও

জানতে পারলে বলে দিতাম, রণ সজ্জায় সাজো

ভিতু আমি, তীব্র আমি, স্থবির আমি, সচল-

অচলায়তন- মহাপঞ্চক, পিছল আমি, অচল

 

আসলে এই আমি মানে একা এবং একা

প্রতিদিনই হৃদয়পুরে নিজের সঙ্গে দেখা

চারিদিকে নিজের খোঁজে নিজেরই কাল হরণ

সে জন একাই রোদ বিষ্টি – আয়না নিরাবরণ।

 

সেই আমিটার জন্যে আমার বাঁচা বাঁচা খেলা

আমির খোঁজে কেটে যাচ্ছে সকাল সন্ধে বেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *