মুখটি এমন গোমড়া কেন
কি হয়েছে সোনা?
ঘুম হয়নি কেউ বকেছে?
মশার আনাগোনা?
খাটের থেকে নামতে গিয়ে
মচকালো ডান পা কি?
পড়তে তুমি বসোনি
তাই বকেছে বৈশাখী?
ঝলমলে এই সকালবেলা
মেঘ কেন তোর মুখে
হাঁড়ি মুখো বলবে যে গো
গাঁ শুদ্ধু নিন্দুকে
পড়ছো নাকো খেলছো নাকো
মুখ যে মাছের ঝুড়ি
“কাঁদব না মা
রাত্রে আমার স্বপ্ন গেছে চুরি”
