এ কথা কি ঢোল পিটিয়ে বলতে হয় যে আমি সুখে আছি?
সুখে থাকলে চোখের তারাই বলে,
ঠোঁট বলে,
দোলনচাঁপা-ঘ্রাণ ভাসে বাতাসে, সে বলে।
যে সুখে নেই তারও বা ঢোল পিটিয়ে বলতে হবে কেন যে সে সুখে নেই?
সুখ তো আর এমন নয় যে এটি না হলে মানুষের চলে না।
এটি না হলে ছত্রাক জমে যায় ত্বকে,
এটি না হলে ফুসফুসে ঘা হয়,
হাত পা কিছু খোঁড়া হয়,
হৃৎপিণ্ড পচে যায়
অন্ধ হয় চোখ!
এই যে বছরে এক-আধবারও আমার ত্রিসীমানায় সুখ ঘেঁষে না, আমি কি বেঁচে নেই?
যে মেয়েটির গায়ে জামা নেই, গুটিশুটি শুয়ে থাকে রেললাইনের কিনারে, দু’দিন ভাত নেই,
সেই মেয়েটিকে ভাত, কাপড় আর একটি বাসযোগ্য ঘর দেব বলে আমি যে হাঁটছি…
দৌড়চ্ছি…এর নাম কি বাঁচা নয়?
আমি তো মাঝেমধ্যে কারও কারও কাণ্ড দেখে ঠা ঠা হাসি,
তারা এর ওর খাবার কেড়ে মার্বেল পাথরের ঘরে বসে একা একা গোগ্রাসে খায়,
ভাল কিছু খাবে বলেই বেঁচে থাকে—
পরকালেও খাবে বলে মেঝেয় কপাল ঠোকে পাঁচবেলা।
সুখে নেই এ কথা আমি ঢোল পিটিয়ে বলি না,
ঢোল পিটিয়ে আমি এ কথাও বলি না যে আমি খুব একা…
আমার কেবল আকাশ আছে আপন, আমার কেবল এক-আকাশ দুঃখ আছে আপন।
