আয় আরো বেঁধে বেঁধে থাকি – শঙ্খ ঘোষ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

আমাদের ডান পাশে ধ্বস

আমাদের বাঁয়ে গিরিখাদ

আমাদের মাথায় বোমারু

পায়ে পায়ে হিমানীর বাঁধ

আমাদের পথ নেই কোনো

আমাদের ঘর গেছে উড়ে

আমাদের শিশুদের শব

ছড়ানো রয়েছে কাছে দূরে!

আমরাও তবে এইভাবে

এ-মুহূর্তে মরে যাব না কি ?

আমাদের পথ নেই আর

আয় আরো বেঁধে বেঁধে থাকি।

 

আমাদের ইতিহাস নেই

অথবা এমন‌ই ইতিহাস

আমাদের চোখমুখ ঢাকা

আমরা ভিখারি বারোমাস

পৃথিবী হয়তো বেঁচে আছে

পৃথিবী হয়তো গেছে মরে

আমাদের কথা কে-বা জানে

আমরা ফিরেছি দোরে দোরে।

কিছুই কোথাও যদি নেই

তবু তো কজন আছি বাকি

আয় আরো হাতে হাত রেখে

আয় আরো বেঁধে বেঁধে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।