তুমি যে বলেছিলে শ্রাবণ মাস
রক্তে ডুবে থাকা মদের গ্লাস
প্রমাণ কই?
আমারও দেরি হল, দূরের গ্রাম
এখন মেঘে মেঘে কথার দাম
সামান্যই।
তবুও ছুটে আসে মিছিল, মুখ
আকাশ কালো করা আগন্তুক
অবাস্তব…
প্রবাদ ভিজে ওঠে বারান্দায়
পুরনো প্রেম লেগে ভাসান যায়
ছাদের টব।
তুমি যে বলেছিলে শ্রাবণ মাস
ঘুমিয়ে পড়ে থাকা গানের ক্লাস
প্রমাণ কই?
আমারও হারিয়েছে চিঠির খাম
এখন মেঘে মেঘে কথার দাম
সামান্যই।
