
অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি?
মুড়কির মোয়া চাই, চাই ভাজা ভেটকি।
আনবে কট্কি জুতো, মট্কিতে ঘি এনো,
জলপাইগুঁড়ি থেকে এনো কই জিয়োনো;
চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি?
চিনেবাজারের থেকে এনো তো করমচা,
কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা;
নাহয় খরচা হবে, মাথা হবে হেঁট কি।
মনে রেখো বড়ো মাপে করা চাই আয়োজন;
কলেবর খাটো নয়, তিন মোন প্রায় ওজন।
খোঁজ নিয়ো ঝড়িয়াতে জিলিপির রেট কী।।