ঠিক তোমার মতো মানুষ আমি কোথায় পাব?
যদি চাও, তা হলে
তোমার চেয়ে আর-একটু ভাল
কিংবা
আর-একটু মন্দ একটা
মানুষ তোমাকে দিতে পারি।
আমাদের এখানে ফাল্গুন খুব সুন্দর গিয়েছিল,
যেমন তোমাদের ওখানে যায়।
চৈত্রে ফেটেছিল মাটি,
যেমন তোমাদের ওখানে ফাটে।
বৈশাখের মাঠে
পলাশে শিরীষে আর কৃষ্ণচূড়ায়
ঠিক সেই রকমের আগুন আমরা জ্বলতে দেখেছি,
যেমন তোমরা দ্যাখো।
আমরা জানি যে, আমাদের জৈষ্ঠ্যও ঠিক সেই রকমের হবে,
যেমন তোমাদের হয়।
আসলে, তোমাদের আর আমাদের,
মাটি জল আর হাওয়া একেবারে
একই রকম।
শুধু মানুষগুলোই একটু আলাদা।
ঠিক তোমার মতো মানুষ আমি কোথায় পাব?
যা চাও,
তার চেয়ে একটু অন্য রকমের নাও।
আর-একটু
ভাল, কিংবা মন্দ;
আর-একটু স্পষ্ট, কিংবা
আর-একটু আবছা একটা
মানুষ তোমাকে পাঠিয়ে দিতে পারি।
আমি আমাকেই দিতে পারি। তুমি নেবে?
