
সরস্বতী, আসেন যদি আজ আমাদের পাড়ায়
চাইব যেন সবার ভাষা নিজের পায়ে দাঁড়ায়।
এত মানুষ বলছে কথা, এতরকম সুরে
আপনি তাদের এক করে দিন বাসন্তী রোদ্দুরে।
কথার গায়ে-হলুদ, তারও ভাবনামতে বিয়ে
দুঃখগুলো মুছিয়ে দেবেন, হাঁসের পালক দিয়ে?
হোক লেখা ফের নতুন করে কাব্য এবং গান
অক্ষরে হোক হাতেখড়ি, পাতে জুটুক ধান
যে যা খুশি দাগ টেনে দিক, আসলে এক জমি
মুখে যা হোক, বুকের ভেতর বসন্ত পঞ্চমী!
সরস্বতী, আসেন যদি আজ আমাদের পাড়ায়,
চাইব, যেন প্রসাদ পেতে সক্কলে হাত বাড়ায়…