ইদানিং আমি আবার দরজা খুলে
সকালের দিকটা বাইরে দাঁড়াই ।
চুল শুকানোর জন্য নয় কিন্তু
বাদামঅলা বিকেলে যায়,
দু’একটা পাখির ডাক – সে ভেতর বাড়ি থেকেই
ভালো ।
ডালের বড়ি ছাদে শুকোয় ।
রাস্তায় টেরি কাটা ছেলে ছোকড়া দেখবো
সে বয়েস নেই ।
তবে?
আসলে নতুন একটা দোষ হয়েছে আমার,
পোষ্টাপিসের পিয়ন যায় সকালবেলা
যদি হঠাৎ একটা চিঠি ফেলে রেখে যায়,
বাড়ির বাচ্চারা না বুঝে উড়োজাহাজ বানিয়ে খেলবে
সে ভয়ে দাঁড়াই এসে।
অবশ্য এও যে একেবারে মনে হয় না তা নয়, যে
তুমিতো এখন রীতিমত সংসার করছো
বিকেলে কাঠগোলাপের চারায় জল দিচ্ছো,
সন্ধ্যায় বউবাচ্চা নিয়ে বেড়াতে বেরোচ্ছো,
তুমি চিঠি লিখবে কেন?
সুখে থাকলে কেউ বুঝি কারুকে চিঠি লেখে?
