তোমার চশমার কাঁচ মুছে দিতে যতক্ষণ লেগেছে সময়,
সেসময় ব্যাখ্যা করেছিলে—
প্রেমিকার চেয়ে আমি বউ হতে পারতাম বেশি,
গজলের চেয়ে বেশি রবীন্দ্রসঙ্গীত;
হতে পারে। এসব যন্ত্রণা ঢেকে বুকে
বলেছি —বাড়িতে যাও, বউ বসে আছে,
প্রতিদিন আসো তুমি, আমার সন্ধ্যের গন্ধ
তবুও তোমাকে পেয়ে ফুল হয়নি ;
আমি কি জানি না, আমি প্রেমিকাও নই
অথবা বউয়ের অধিকারে কোনদিন বসাতে পারনি,
হাসিটি সুন্দর আজো ; তাই হেসে বিদায় দিয়েছি,
দরজার কড়া ধ’রে বলেছি— ‘আবার কাল এসো।’
