রাধা — অন্নদাশঙ্কর রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ওগো সুন্দরী, ওগো সুন্দরী রাধা,

শীতল জানিয়া তোমার ও দুটি চরণে পড়িনু বাঁধা।

কত জনে কত দেবতা মিলয় যেমন যাহার রুচি

কেহ গড়ে লয় কেহ খুঁজে পায় পন্ডিতজনে পুছি’।

কত না আয়াসে ওরা তো করিল রহস্য পরিমাণ

আপনা হইতে মোরে মিলি’ গেল সুন্দরী ভগবান।

সুন্দরী ভগবান গো আমার সুন্দরী মোর নারী

সাগর হইতে উঠিয়া আসিলে হাতে লয়ে সুধা ঝারি।

দেবতার পদ প্রক্ষালি’ কেহ সে জলে মিটায় ক্ষুধা

আমার তিয়াসা ধন্য করিল নারীকন্ঠের সুধা।

নারীকন্ঠের সুধা গো আমার নারীকুন্তল বাস

এত সুখ মোর সহিবে কি যদি মেলি’ দাও কেশপাশ !

ঘেরি‘ দাও যদি কেশ দিয়া মোরে ঢাকি’ দাও যদি দেহ

সংজ্ঞা হারাব ও-সুরা চুমুকি’ সুরভি করিয়া লেহ।

সৃষ্টির সার ধরণী গো আর ধরণীর সার নারী

নারীর মাধুরী দশ ইন্দ্রিয়ে আহরিতে যদি পারি !

ধরণীর সার রমণী গো আর রমণীর সেরা সে

জনমে জনমে আমার লাগিয়া জনম মাগিল যে।

পরশি তাহার প্রতিটি অঙ্গ প্রতিটি অঙ্গ দিয়া

এ যে বিশ্বের আদি বহ্নি গো এসেছে কী রূপ নিয়া !

রূপের বহ্নি কেমন করিয়া এমন তন্বী হলো

এমন শীতল এমন কোমল এত লাবণ্যী হলো !

সারা সৃষ্টি সে গৌরীর মতো তপ করেছিল একা

তাই তার তনুরেখায় রেখায় লাবণ্য দিল দেখা।

তারায় তারায় যুগযুগান্ত অনঙ্গ পুড়ে মরে

শীতলিয়া ধরা তবে না এমন ফুলে ফলে ওঠে ভরে।

ধূলির আগুন ফুল হয়ে ফোটে ফুলের আগুন ফল

তারায় আগুন তরুণীর আঁখিতারা হয়ে ঝলমল।

সৃষ্টি সে আসি’ শেষ হয়ে গেছে তোমার দু’গাছি কেশে

অনন্ত কাল বিকশি’ উঠেছে তোমার অধর হেসে।

কোথা হতে তুমি আসিবে কেন গো তুমি তো আদির আদি

আপন আগুনে ফাগুন করেছ সৃষ্টির মায়া ফাঁদি’।

. ওগো মায়াবিনী, ওগো মায়াবিনী রাধা,

গোরোচনা গোরা অঙ্গে তোমার সৃষ্টির মায়া ফাঁদা।

 

. ওগো সুন্দরী, ওগো সুন্দরী রাধা,

বলো, কবে মোর হবে, সমাপন বাঁশরীর সুর সাধা।

বাঁশরির সুরে কাঁদা গো আমার কারে পাইবার আশা

কারে পাইবার কাহারে দিবার কার হইবার আশা !

সুবর্ণ করে নাও গো আমায় সুকন্ঠ করে নাও

ধ্বনিতে আমার প্রেমের পরশমণি পরশিয়া যাও।

সহজ সুরের গানটি গাহিব, গাহিব সহজ সুরে

বনের পাখির কন্ঠ আমার কন্ঠে দাও তো পুরে।

সহজ হবার সাধন সে যদি কঠিন সবার চেয়ে

করুণা কোরো না, ভিক্ষা দিয়ো না, অল্প কী হবে পেয়ে !

সরস মাটিতে হরষে ফুটিব শুচি সৌরভ লয়ে

যেখানে পড়িব বাস বিতরিব জিনিব সহজ জয়ে।

জিনিব সহজ জয়ে গো, বন্ধু, জিনিব তোমারে শেষে

ধূলায় চাইতে রিক্ত হইয়া বাহিরিব বরবেশে।

. ওগো একাকিনী, ওগো একাকিনী রাধা,

কেহ নাহি জানে তুমি আর আমি কোন অবাঁধনে বাঁধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *