যখন আমি সৃষ্টি করি আপন রবি আপন তারা
আমার প্রাণের আগুন হতে বৃষ্টি করি উল্কা ধারা
যখন আমার বক্ষতটে
পুলক-ভূমিকম্প ঘটে
দীর্ঘশ্বাসের ঝড় ডেকে যায় আঁখির অথির সাগর ধারা
তখন ওগো স্রষ্টা তোমার দুঃখসুখের পাই কিনারা।
তখন তোমার সঙ্গ লভি, বিশ্ব হিয়ার হে একাকী
তোমার চরণপাতের সাথে চরণপাতে ছন্দ রাখি।
তোমার হাতে হাতটি ভরে
তখন চলি কালের পরে
শিশুর মতো খেলার সুখে থামতে থাকি চলতে থাকি।
সৃষ্টি আমার ছায়ার মতো পিছনে রয় ধূলায় ঢাকি।।
