একটি সুন্দরী মেয়ে শাড়ি খুলে উঠে দাঁড়াল সুপ্রিম কোর্টে।
সবাই চোখ ভরে দেখে রায় দিলেন, ‘তাড়াও এই মেয়েকে।
বিচারপতি তাঁর কালো রোব দিয়ে বললেন, ‘পরো।
রোব উড়ে গেল। মেয়েটির মুখের কাছে মুখ এনে বললেন, ‘তুমি
কে??
মেয়েটি বলল, ‘আমি সত্য। আমার নাম সূর্যকণা সেন।
সেদিন বাদল অধিবেশনের শুরু। সূর্যকণা এসে দাঁড়াল।
কে এই মেয়েটিঃ এ রকম সুন্দরী আমরা জীবনে দেখিনি।
শশী বললেন, ‘আজ আমার দিন।’ স্পিকার বললেন
‘আপনি কেন এখানে এসেছেন? এটা আপনার জায়গা নয়।’
মেয়েটির স্তনে চোখ রেখে সাংসদ বললেন, ‘পুড়ে যাচ্ছি, তুমি
কে?’
আমি সূর্যকণা। তৎক্ষণাৎ পুলিশ বের করে দিল।
গাঁধীর পায়ের কাছে সতেরোজন বিপ্লব দেখাচ্ছিল
টিভি ক্যামেরাসহ। ক্যামেরা ছাড়া এখন আর কেউ বিপ্লব করে
না। সূর্যকণাকে দেখে সবাই খুশি, ‘আজ আপনি বলুন, আমরা
শুনি।”
“আমার যমজ বোন মিথ্যাকে খুঁজতে বেরিয়েছি
দু’জনে একটি জলাশয়ে স্নান করতে নেমেছিলাম
উঠে দেখি আমার বোন আমার পোশাক পরে পালিয়েছে।
‘এই পৃথিবীতে আমি নগ্ন ছিলাম, নগ্ন আছি, নগ্ন থেকে যাব
কেননা আপনারা আমার পোশাক পরে দাঁড়িয়ে আছেন।’
