ভালো লাগে ফুল-পাখি, লতা-পাতা ঘাস
ভালো লাগে শরতের দুধ-সাদা কাশ।
ভালো লাগে আকাশের রং নীল-নীল
পাহাড়-সাগর-নদী-খুশি-ঝিলমিল।
ভালো লাগে ছোটাছুটি, খেলা লুকোচুরি
ভালো লাগে লুডো-জুডো, ডাংগুলি-ঘুড়ি
ভালো লাগে আম-জাম, কলা-লেবু-তাল
চাউমিন-বিরিয়ানি খেতে ঝাল-ঝাল।
ভালো লাগে শীতকালে রোদ ঝিকমিক
দল বেঁধে আউটিং, ফিস্ট-পিকনিক।
ভালো লাগে সন্দেশ, তিলেখাজা তাজা
বর্ষাতে খিচুড়ির সাথে ডিমভাজা ।
ভালো লাগে নাচ-গান, মজা-খুশি-হাসি
বাবা-কাকা-মামা-দাদা, দিদি-পিসি-মাসি ।
সবচেয়ে ভালো লাগে বলো দেখি কাকে ?
সবচেয়ে ভালো লাগে মা-কে, মা-কে, মা-কে।