পুরোনো এক বন্ধুকে খুঁজি–
জানি না দেখা হলে সে চিনতে পারবে কিনা।
জানি না সে কেমন আছে।
তার মুখে যে স্তব্ধতা ছিল
কাচা কাপড়ের মতো যে পবিত্রতা
যে কথকতার শান্তি
তা সবই খুঁজে পাব কিনা ভাবতে ভাবতে
আলো নিবিয়ে দিই।
দীর্ঘ আমাদের অতীত
দীর্ঘ সব শাল-পলাশ-মহুয়ার বন
ঝাউগাছের সারি
দীর্ঘ সব ছায়া
অথচ মনে হয়
আজ আর কোথাও দাঁড়ানোর জায়গা নেই।
পুরোনো এক বন্ধুকে খুঁজব বলে
প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠি…
