অস্তে যাবার আগে চাঁদ
আমার জানালার কাছে দাঁড়ায়
মাধুকরী করে
আমি ওকে ফলমুল দিই
পিঠেপায়েস রাখি ওর জন্য
আর তার আগে
ঘুম পাড়িয়ে দিই আমার স্বামীকে
চোখে চুমু দিয়ে বন্ধ করে দিই এমন
যাতে ভোর অবধি ঘুমোয়
ওর চোখের পাতা
শ্বাসপতনের শব্দ গাঢ় হতেই
আমি চুল খুলে দিই
আমার খোলা চুল
জানালা দিয়ে বেরিয়ে যায় বাইরে
আমাদের বাড়ির পেছনের পুকুরে
ডুব দিয়ে আসে
স্নান না করে সন্ন্যাসীকে ভিক্ষা দিতে নেই
কে সন্ন্যাসী ? কে ?
ও যখন গৈরিক বেশে দাঁড়ায়
আমি পবিত্র হয়ে কাছে আসি
