ক’ বলতো মেঘফুল
আর ম’ চাইতো
ক’ তাকে ডাকুক বৃষ্টি বলে
ক’ বলতো
না না
ওসব তার পছন্দ নয়
মেঘ নামটাই বেশি ভালো
আর ম’ ঠোঁট বাকিয়ে বলতো
– ছ্যাঃ বিচ্ছিরি কালো
এই নিয়ে দুজনের তর্ক ছিল
ঝড়ের মতো
ক’ যেদিন বাড়ির পছন্দ মতো
বিয়ে করলো
ম’ চোখের জলে ভিজতে ভিজতে
সেদিন প্রথম বুঝতে পেরেছিল
মেঘফুল অথবা বৃষ্টির
নদীর মতো কোনও মোহনা থাকে না ।
এই গল্পটা আলোচনা করতে করতে দুজন তরুণী
কফি হাউসের সিঁড়ি ভেঙে নেমে
চলে গেলো রাস্তার দিকে
আর তাঁদের পাশের টেবিলে বসে থাকা
একজন উঠতি গল্পকার লিখলেন
তার আগামী উপন্যাসের প্রথম লাইন ,
“ভালবাসা চলে যাবার অনেক আগেই
জানিয়ে দেয় তার প্রস্থানের কথা
হৃদয় তাকে বুঝতে পারে না” …
