কেউ কেউ আর দেয় না সাড়া, সে-ই তো ভাল।
আলতো ক’রে হাতটা ছাড়া… সে-ই তো ভাল।
এখন তুমি থাকো না আর, খবর পেলাম।
নেই তুমি, থাক তোমার পাড়া। সে-ই তো ভাল।
ঝিম দুপুরে গৌড় সারং মন্দ তো নয়,
মাঝরাতে দরবারি কানাড়া, সে-ই তো ভাল।
সে এক সময় বিদায় নিতেই চাইতে না আর…
এখন তোমার বড্ড তাড়া। সে-ই তো ভাল।
এক-দুটো লোক, শ্যাওলা পাঁচিল, শান্ত মেঝে…
ছোট্ট আলো, অল্প ভাড়া। সে-ই তো ভাল।
এক সময়ে নজরে কেউ নেয়নি যাদের –
আজকে তারাই নজরকাড়া। সে-ই তো ভাল।
লেখার কথা বলে না কেউ আর তোমাকে
শ্রীজাত আজ হাত-পা-ঝাড়া। সে-ই তো ভাল।
কেউ কেউ আর দেয় না সাড়া, সে-ই তো ভাল।
আলতো ক’রে হাতটা ছাড়া… সে-ই তো ভাল।
