
Bengali Poem (Bangla Kobita), Athmabilap written by Michael Madhusudan Dutta বাংলা কবিতা, আত্মবিলাপ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত।
১.
আশার ছলনে ভুলি কী ফল লভিনু, হায়,
তাই ভাবি মনে?
জীবন-প্রবাহ বহি কাল-সিন্ধু পানে যায়,
ফিরাবো কেমনে?
দিন-দিন আয়ুহীন, হীনবল দিন-দিন ,-
তবু এ আশার নেশা ছুটিল না? এ কি দায়!
২.
রে প্রমত্ত মন মম! কবে পোহাইবে রাতি?
জাগিবি রে কবে?
জীবন-উদ্যানে তোর যৌবন-কুসুম-ভাতি
কত দিন রবে?
নীর-বিন্দু, দূর্বাদলে, নিত্য কি রে ঝলমলে?
কে না জানে অম্বুবিম্ব অম্বুমুখে সদ্যঃপাতি?
৩.
নিশার স্বপন-সুখে সুখী যে, কী সুখ তার?
জাগে সে কাঁদিতে!
ক্ষণপ্রভা প্রভা-দানে বাড়ায় মাত্র আঁধার
পথিকে ধাঁদিতে।
মরীচিকা মরুদেশে, নাশে প্রাণ তৃষাক্লেশে-
এ তিনের ছল সম ছল রে এ কু আশার
৪.
প্রেমের নিগড় গড়ি পরিলি চরণে সাধে;
কী ফল লভিলি?
জ্বলন্ত-পাবক-শিখা-লোভে তুই কাল ফাঁদে
উড়িয়া পড়িলি!
পতঙ্গ যে রঙ্গে ধায়, ধাইলি, অবোধ, হায়!
না দেখলি, না শুনিলি, এবে রে পরাণ কাঁদে!
৫.
বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ-অন্বেষণে,
সে সাধ সাধিতে?
ক্ষত মাত্র হাত তোর মৃণাল-কণ্টকগণে
নারিলি হরিতে মণি, দংশিল কেবল ফণী।
এ বিষম বিষজ্বালা ভুলিবি, মন, কেমনে।
৬.
যশোলাভ লোভে আয়ু কত যে ব্যয়িলি হায়,
কব তা কাহারে?
সুগন্ধ কুসুম-গন্ধে অন্ধ কীট যথা ধায়,
কাটিতে তাহারে,-
মাৎসর্য-বিষদশন, কামড়ে রে অনুক্ষণ!
এই কি লভিলি লাভ, অনাহারে, অনিদ্রায়?
৭.
মুকুতা-ফলের লোভে, ডুবে রে অতল জলে
যতনে ধীবর,
শতমুক্তাধিক আয়ু কালসিন্ধু জলতলে
ফেলিস, পামর!
ফিরি দিবি হারাধন, কে তোরে, অবোধ মন,
হায় রে, ভুলিবি কত আশার কুহক-ছলে!
Khub bhalo
Very good