
।। ধানশী ।।
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
আনলে পুড়িয়া গেল।
অমিয়া সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল।।
সখি কি মাের করলে লেখি।
শীতল বলিয়া ও চাঁদ সেবিনু
ভানুর কিরণ দেখি।।
উচল বলিয়া অচল চড়িতে
পড়িনু অগাধ জলে।
লছিমী চাহিতে দ্রারিদ্র বেঢ়ল
মানিক হারনু হেলে।।
নগর বসালাম সাগর বাঁধিলাম
মানিক পাবার আশে।
সাগর শুকাল মানিক লুকাল
অভাগীর করম-দোষে।।
পিয়াস লাগিয়া জলদ সেবিনু
বজর পড়িয়া গেল।
জ্ঞানদাস কহে কানুর পিরীতি
মরণ অধিক শেল।।