এসো,কতদিন পরে এলে,তোমাকে কোথায় বসাই
ভারি ছোট্ট ঘর, সোজা হয়ে দাঁড়ালে
মাথায় আকাশ ঠেকে,
দুদিকে হাত বাড়ালেই মানুষ,সাজানো গেরস্থালি।
এই আমার রাংচিতের বেড়া, এই আমার রজনীগন্ধার ঝোপ ;
এখানে রোদ্দুর আসে, প্রতিদিন প্রথম রোদ্দুর!
এইখানে খেলা করে চড়াই – শালিখ।
এসো,এই আমার ছেলেবয়সের ছবি, প্রথম চেয়ে দেখার চোখ,
এই আমার সর্বস্বজয়ের স্মৃতি, আমার ভুল করা প্রেম,
এখানে প্রত্যহ বৃষ্টিমাস, স্বপ্ন-ভাঙ্গা ঘুম।
এই দেখ,পুরনো আর্শির কাঁচে জলছোপ,
আমার দিন – রাত্রির ছবি,
এখানে শেওলা -মোড়া উঠোন,
আমার ঈশ্বরের জন্মভূমি।
এসো,এই আমার একুশ বছর,এই আমার
শ্রেষ্ঠ আসবাব।।
