হারিয়ে পাওয়া — সুকুমার রায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ঠাকুরদাদার চশমা কোথা?

ওরে গণ্‌শা, হাবুল ভোঁতা,

দেখ্-না হেথা, দেখ্-না হোথা—খোঁজ্-না নীচে গিয়ে

 

কই কই কই? কোথায় গেল?

টেবিল টানো, ডেস্কো ঠেল,

ঘরদোর সব উল‌্টে ফেল—খোঁচাও লাঠি দিয়ে।

 

খুঁজছে মিছে কজোর পিছে,

জুতোর ফাকে, খাটের নীচে,

কেউ-বা জোরে পর্দা খিচে-বিছ্‌না দেখে ঝেড়ে—

 

লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে,

ক্লান্ত সবে পড়ল থেমে,

ঠাকুরদাদা আপনি নেমে আসেন তেড়েমেড়ে।

 

বলেন রেগে, “চশমাটা কি

ঠ্যাং গজিয়ে ভাগল নাকি?

খোঁজার নামে কেবল ফাঁকি-দেখছি আমি এসে!”

 

যেমন বলা দারুণ রোষে,

কপাল থেকে আমনি খসে

চশমা পড়ে তক্তপোশে—সবাই ওঠে হেসে।

 

সন্দেশ-ভাদ্র, ১৩২৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *