তোমার ঘৃণার দিকে
আমি ফিরিয়ে রেখেছি
আমার ভালোবাসার মুখ
যেখানে গতি বলতে শুধুই ঘুরপাক
এগোনো মানেই দেয়ালে মাথা ঠেকে যাওয়া
সংগ্রামের আরেক নাম যেখানে নিজেকে ভাঙা
তুমি সেই অন্ধগলিতে দাঁড়িয়ে
বিপন্ন চোখের আগুনে চাইছ
আমাকে ভস্ম করে দিতে
আর আমি
তোমার অভিশাপগুলো লুফে নিয়ে
ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি আমার শুভেচ্ছা
ভোরের আজানের মতো
আমি গলা তুলে জানান দিচ্ছি
খোলা রাস্তার কোন মুখে
আমি তোমারই জন্যে দাঁড়িয়ে
হাত বাড়িয়ে রেখেছি—
অন্য দিকে মুখ ফিরিয়েও
তুমি আমার হাত যাতে ধরতে পার।।
