কেউ-একজন বলেছিল
প্রত্যেকের জীবনই একটা নদীর সঙ্গে জড়িত।
সারা দেশ ঘুরে অনেক নদী দেখেছি জীবনে।
শৈশবে পদ্মা দেখেছি।
পদ্মার দুপার জুড়ে কত-না কোলাহল তৈরি হয়েছে
কত-না ভাঙন
কত গান কত নিরক্ষর উৎসব কত নীরবতা।
মাঝে মাঝে ভাবি
আমার জীবন কোন নদীর সঙ্গে জড়িত।
যে মেয়েটিকে প্রথম ভালোবেসেছিলাম
যে চোখ মেলে আমার দিকে তাকায়নি কখনো
সে শেষপর্যন্ত একটা নদী হয়ে গেল।
তমসানদী।
এখনো গভীর রাত্রে
মাঝে মাঝে তার পাড়ে গিয়ে বসি।
