অবশ্য রোদ্দুরে তাকে রাখবো না আর
ভিনদেশি গাছপালার ছায়ায় ঢাকবো না আর
তাকে শুধুই বইবো বুকের গোপন ঘরে
তার পরিচয় ? মনে পড়ে মনেই পড়ে ।
চিরটাকাল সঙ্গে আছে—জড়িয়ে লতা
শাখার, বাহুর নিমন্ত্রণকে ব্যাপকতা
বলার সময় হয় নি আজো ক্ষেমংকরে—
তার পরিচয় ? মনে পড়ে মনেই পড়ে।
গোপন রাখলে থাকবে না আর–বাইরে যাবে
পারলে হৃদয় দুর্বলতা দেশ জ্বালাবে
মিছেই আমায় জব্দ করে
তার পরিচয়? মনে পড়ে মনেই পড়ে ।
কাব্যগ্রন্থ – ধর্মে আছো জিরাফেও আছো
আশ্বিন_১৩৭২
