তোর জন্য ফুল কুড়িয়ে নিলে – সাদাত হোসাইন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তোর জন্য ফুল কুড়িয়ে নিলে

সাথে খানিক ভুল কুড়িয়ে নিলে

ভুল করেই বললে ভালোবাসি

তুই কি তবু হাসবি অমন হাসি?

 

একটুখানি ভুলের ছলে ছুঁলে

একটুখানি সুবাস মাখা ফুলে

একটুখানি ডোবাই যদি ঠোঁট

‘ঢের হয়েছে’, বলবি, ‘এবার ওঠ’?

 

তোর জন্য খানিক মায়া হলে

বুকের ভেতর মেঘের ছায়া হলে

বললে, ‘তোকে ভীষণ আমার চাই’

ভাববি কি তুই, সবটা অযথাই?

 

তোর জন্য কান্না ভীষণ পেলে

তোর জন্য আস্ত আকাশ ফেলে

তোর দুয়ারে দাঁড়িয়ে যদি রই

বলবি কি তুই, ‘আমিই তোর নই?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *