ছোট মুখে ছোট কথা — সুবোধ সরকার

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

কবিতা কীভাবে ছাপা হবে

বড় হরফে না ছোট হরফে?

লেটার প্রেসে

না কমপিউটারে?

সঙ্গে ছবি যাবে না বায়োডেটা যাবে?

এই তো?

কবিতা কীভাবে পড়া হবে?

জোরালো গলায় না ক্ষীণকণ্ঠে?

জিনস পরে

না ধুতি পরে?

রবীন্দ্রসদনে না চিলেকোঠায়?

এই তো?

কবিতা বোঝা যাবে

না অর্ধেক বোঝা যাবে

কবিতা কারখানার গেট

না মেঘের পরে মেঘ?

কবিতা বহুলোকের জন্য

না বিধবা পিসির জন্য?

এই তো?

এ সব চিন্তা আগে করতাম, আর করি না

ছোট মুখে একটা বড় কথা বলি:

কবিতাকে শেষ অব্দি কবিতাই হতে হবে

তা সে বেশ্যার দেয়ালেই ছাপা হোক

অথবা পুরোহিতের উঠোনে।

আপনি রবীন্দ্রসদনে দাঁড়িয়ে কবিতা পড়বেন

না জাহান্নামে

সেটা আপনি ঠিক করুন,

আমি বুঝে গেছি আমি কবি নই

আমি আরশোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *