বাউল তুই আবছা ভোরে
ঠিক আসছিস
বাউল , তুইকি ট্রেনের দোলায় ঘুমের কাছে
বাউল , এবার সঙ্গে সাধের ম্যান্ডোলীন কি?
বাউল, তোকে জাগিয়ে দেওয়ার লোক কি আছে ?
লোক নাকি সে একটি নারী , অহংকারী।
অহংকার তো তোকে ঘিরেই,খুব রূপসী ?
পড়ায় নাকি নিজেই পড়ে , চশমা আছে?
তোর প্রিয় সেই তোর্সা নদী আজ উপসী
বাউল তোরই জন্য সাজাই গেরস্থালী
উড়নচন্ডী সব ছড়াবি দেখবো আমি
প্রাণের দোসর হারমোনিয়াম ডুকরে কাঁদে
ছোট্ট হেসে হ্যালো বলবে আমার স্বামী
বরগুলো সব একইরকম খুব দেমাকী
আমার তাতে লবডঙ্কা, হেঁসেল হাড়ি
পাপড়ি ঝড়ায় উথলে ওঠা বেলকুঁড়িরা
বাউল এটা তোর বারান্দা তোরই বাড়ি।
জানি বাউল আমার দিকে তাকাবিও না
না তাকালি, আমার আছে মেঘ রোদ্দুর
এক অচেনা কবির আঁকা নীল মহাকাশ
আমারও এখন দূরের পাড়ি চোখ রোদ্দুর
বাউল তুই রাগ করলি অভিমানী
দুর পাগলা তোকে ছাড়িয়ে কোথায় যাব
তোরই গানে জেগে উঠে সন্ধেবেলায়
মফস্বলী চৌপথীতে ফুচকা খাবো
আকাশ হবো মেঘ ছড়াবো সঙ্গী হবি
লজ্জা পাব মুখ লুকাবো তোরই বুকে
তেমন কোনো শব্দ পেলে
দু আঙ্গুলে ঝাকড়া চুলে সাজিয়ে দিবি একটু ঝুঁকে ।
বাউল এখন মাঝ রাত্তির ঘুমিয়ে পড়ি
রিংটোন
ঠিক জাগিয়ে দেবে পাঁচটা দশে
বাউল তোকে আনতে যাব ইস্টিশনে
বাকি জীবন তোর মায়াতে তোরই বশে।
