ছুটি — আরণ্যক বসু

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

যদি হাতের রেখার মতো ফুটে উঠে চোখের সামনে দাঁড়াতে

আমি আঁকতাম মুখ দুঃখী চিবুক উন্মুখ রঙ তূলিতে ।

যদি চলে যেতে যেতে চিরকুট লিখে বলে যেতে ভালো থাকবো

আমি দিবস রজনী বিরতি বিহীন কাঁদতাম শুধু কাঁদতাম ।

যদি হারাবার আগে একটু দাঁড়াতে রুমাল নাড়াতে শেষবার

দেখো শারদীয়া ভীড়ে ভীরু দলছুট সারা রাত্তির খুঁজতাম।

আমি খুঁজবো বলেই ভাসিয়েছি ডানা মেঘ রাত ভেজা আকাশে

শুধু ঝড়ে জলে সাদা দিগন্তরেখা মুছতে মুছতে নির্বাক।

কেউ দেখেনি তোমার শেষ পদচ্ছাপ কাদামাখা চোরাবালিতে

কেউ জানে না কোথায় চলে গেলে মেঘ নির্মেঘ বিস্মৃতিতে।

রোগা শরীর ঢেকেছে নীল পাঞ্জাবি ভিজে সপসপ পাজামায়

তবু কোথাওতো আছো ভালো বা খারাপ শরৎ পেরিয়ে শিশিরে।

নাকি উলোঝুলো চুলে আমাকে খুঁজছো , আমাকেই বলো আমাকেই

শুধু শীর্ণ চোয়ালে একমুখ ধোঁয়া জলে ভেজা কড়া তামাকের।

জানি মিলিয়ে গিয়েছো হারিয়ে গিয়েছো ম্লান হেমন্তের স্বপ্নে

তাই কালি ও কলমে প্রার্থনাহীন চির মুক্তির তর্পণ ।

কিছু বাকি থেকে গেলো দেখা না দেখার মৃদু মোম শিখা আয়োজন

কিছু দুঃখ অতীত পার হয়ে আসা হাতে হাত রাখা বিশ্বাস।

আমি তবু থেকে যাবো বেলা অবেলার ভালোবাসা খুনসুটিতে

প্রিয় চেনামুখ তুমি একবার এসো জীবনের শেষ ছুটিতে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *