একথা বলতে আজকে আমার লজ্জা নেই,
মন প্রাণ দিয়ে চেয়েছি তোমায় মানুষী সাধ
একটি মানব একটি মানবী একীভূত
এক ‘গুরুদেব’ ঘটিয়ে দিলেন বিসম্বাদ।
তোমাকে চেয়েছি তনুমন দিয়ে হে কবিবর
দশার্ণ গ্রামে অলকাপুরীতে দেবগিরি-
তোমাকে চেয়েছি কোন একদিন,নিরন্তর-
সাগর ছাড়িয়ে লাজুক নদীটি ধানসিঁড়ি।
তুমি দিতে এলে বৃহৎ ঘরের চাবিকাঠি
আমি সুফিয়ান আট কুঠুরিতে তৃপ্ত বেশ
কে চায় তোমার প্লেটোনিক জ্ঞান হে গুরুদেব
আমার তখন নয় দরোজায় মনোনিবেশ।
আমি নন্দিনী ভাঙতে চেয়েছি যক্ষপুর
তুমি এঁকে দিলে রক্তকরবী দর্শনে
হাত রেখেছিলে হাতের পাতায় যক্ষরাজ
মেঘ থমথম প্রথম ঋতুর বর্ষণে।
ফিরে এসো কবি বৃথা গুরুদেব হয়ো নাকো
ফিরে এসো ভানু- মানুষী কামনা কম্পমান
এসো পাণিনির ব্যুহ ছেড়ে ফের মেঘদূতে
ভরা ভাদর মাহ বাদরে পূর্ণ স্নান।
