এতদূর থেকেও লোকটার নাকে মানুষপোড়ার গন্ধ ;
পৃথিবী পুড়ছে · · ·
তামা, খার আর হীরকখনির তারপাশে, ঘুমন্ত গ্রামগুলি থেকে….
তুষারস্তূপ, জলস্রোত কিংবা অরণ্যঘেরা বাগিচাগুলি থেকে
ভেসে আসছে মানুষপোড়ার গন্ধ ;
পুড়ছে নগ্নপদ কৃষক…… কালিমুখ মজুর,
বস্তির কাদায় হামাগুড়ি দিয়ে বড় হতে থাকা শিশু,
পরাগরোণুর মতো ক্ষণসুন্দরী নারী …
আর, সকলের সাথে পুড়ছে উজ্জ্বল সঙ্গীতের পাণ্ডুলিপিগুলি।
নির্বাক, ক্লান্ত সূর্য
আপনার স্বপ্নের সামনে পাহাড়ের মতো এক অন্ধকারের দেওয়াল।
তবু চোখ মেললেই
পৃথিবীর এপার-ওপার স্পষ্ট চোখে পড়ে আপনার ।
দেখছেন : লক্ষ কোটি মানুষ — এখনও বন্দী ;
তাদের সামনে লোহার গারদ নেই,
আছে অদৃশ্য বীণার সূক্ষ্ম তারগুলি …
পুঁজির দেবতার ইঙ্গিতমাত্রই
ঝংকার উঠছে এক-একটি তারে …
ধর্ম
বর্ণ
ভাষা
দেশ
মাটি
উন্মাদনার আগুনে ভুলিয়ে রাখা মৃত্যু।
পৃথিবী পুড়ছে . .
মাদকের মতো আলিঙ্গনে জড়িয়ে-জড়িয়ে ধরছে শীতঘুম ;
ঝলসানো ওই মানুষগুলোর—ঘুম ভাঙানোর জন্যেই
নেলসন, আপনার ক্লান্তিহীন মাদলের সঙ্গে
বাজছে
দুনিয়াজোড়া ম্যাণ্ডিলিন!
