তার উত্তর ছিল: ‘আসব… মেঘ করুক’
বৃষ্টি এলেই আসবে কফি, কান টানলে মাথা
এক বিকেলে অফিস কেটে ঝুপ্পুস কলকাতা
আলতো ভাপে নাম লিখেছি কফি শপের কাচে
মেঘ যদি না ডাকে, তোমার আসতে বারণ আছে।
আমিও তবে ছাড়ব না ওই অসহ্য হাতদু’টো
নখের দাগে শ্রাবণ এল, জলের ভেতর মুঠো…
হ্যাঁ, আমি খুব জিদ্দি আছি। একরোখা। ঝগড়ুটে।
পছন্দ নয়? ভাগ হয়ে যাও সমস্ত বন্ধুতে।
আর না হলে আমার থাকো, চশমাবিলাস পরী
দু’জন মিলে তৈরি করি আষাঢ়ে অম্বরী
অসহ্য হাত কামড়ে আছি, ফেরেনি সম্বিৎ…
খরগোশি মন যতই ছুটুক… কচ্ছপেরই জিত
এক বিকেলে ভাঙবে মেঘের বাদামি কর্নেটো—
আমরা সে দিন আড্ডা দেব, কফি শপের ভেতর।
১৫ জুলাই, ২০১৪ আনন্দবাজার (মেঘ-বৃষ্টির ফ্রেম)
