যে এসেছে
সে নিজের খেয়ালে এসেছে
তার নাম জিগেস করব না
তার পথ জিগেস করব না
কেবল তার বিদেশটুকু
তাকে তো আর এড়ান যায় না।
ছায়ায় সাজান বিদেশ
আর এপার- ওপার গন্ধ
কত ধরনের রেখা আনছে
কত ধরনের রঙ।
আর আমরা দেখছি
হিম মধুর একটা না- হওয়া।
না- হওয়া রঙ হচ্ছে রেখা হচ্ছে
না- হওয়া মুখের দিকে চাইছে গোধূলিবেলা।
সুদূর কোন নদীর পারে
গভীর অন্ধকার ভেঙে
নৌকো আর এগোতেই পারছে না।
নদীর দুই পারেই ঘন – গহন বন।